Advertisement

রূপসী বাংলার শীত

-পীযুষ কান্তি সরকার




কুয়াশার চাদর গায়ে জড়িয়ে দিয়ে শীত এলো আজ বাংলার আঙিনায়, মাঠের ঘাসে শিশিরবিন্দু হাসে ভোরের রবির ম্লান আলোতে সে রাঙায়।

উত্তুরে বাতাসে হাড়কাঁপানো শিহরণ গাছেরা সব ঝরিয়ে ফেলে জীর্ণ পাতা, দিগন্তজোড়া শর্ষে ফুলের হলুদ চাদর প্রকৃতি যেন বুনছে এক মায়ার নকশিকাঁথা।

দিঘির জলে কুয়াশার ঘন মেঘ ওড়ে ডুব দিতে গিয়ে খিলখিলিয়ে হাসে জল, পাখিরা সব নীল আকাশে ডানা মেলে খুঁজে বেড়ায় রোদেলা বনের স্নিগ্ধ আঁচল।

পল্লীবধূর ব্যস্ত হাতে পিঠার সুবাস ভাপে ওড়ে সাদা ধোঁয়া আর গুড়ের ঘ্রাণ, ভাপা, চিতই আর পুলি-পাটিসাপটায় জুড়িয়ে যায় প্রতিটি বাঙালির তৃপ্ত প্রাণ।

খেজুরের রসে হাড়ি ওঠে গাছি ভাইয়ের ভোরবেলা ছোটে শিশু কাঁচা রস খেতে, রোদে পিঠ দিয়ে বুড়ো দাদুর গালগল্প সুখ খুঁজে পায় মন এই শীতের ধরণীতে।

দুপুরের রোদ যেন আদুরে এক পরশ সন্ধ্যা নামলে হিম হয়ে যায় চারিপাশ, খড়কুটো জ্বেলে আগুনের ওম নেওয়া শীতের এমন রূপ তো নেই বারোমাস।

দরিদ্রের কষ্ট আর ধনীর লেপের সুখ মিলেমিশে শীত এক অদ্ভুত অনুভূতি, তবুও বাংলা সাজে এক শান্ত মহিমায় ছড়িয়ে দিয়ে তার স্নিগ্ধ আলোর জ্যোতি।

Post a Comment

0 Comments